ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজও নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (১৯ মে) বেলা ১১টায় শুরু হয়েছে এ কর্মসূচি, শেষ হবে বিকেল ৩টায়।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব হস্তান্তরে বিলম্বের প্রতিবাদে টানা পাঁচদিন ধরে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
‘ব্লকেড কর্মসূচি’ পালনের জন্য শত শত নেতাকর্মীরা ‘ঢাকাবাসী’ ব্যানারে আজ সকাল থেকেই নগর ভবনের মূল সড়কে অবস্থান নিয়েছেন। ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে, ইশরাক ভাইয়ের সংগ্রাম চলবে চলবে’সহ নানান স্লোগানে মুখর গুলিস্তান। এর আগে রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে সাবেক সচিব মশিউর রহমান নগর ভবন ব্লকেড এই ঘোষণা দেন। গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের কার্যক্রম স্থবির হয়ে আছে।
ঢাকা,সোমবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















