আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ মে) পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।
ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেইসাথে, অতীতের যেকোনও সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শফিকুর রহমান বলেন, শ্রমিক বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। একইসাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে।
শ্রমিকের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখার আহ্বানও জানান শফিকুর রহমান।
ঢাকা,বৃহস্পতিবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















