ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লাগাতার বিমান অভিযানে গাজা উপত্যকায় আরও ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ প্রাণহানি ঘটে।
এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার কাজ চলমান থাকায় তাদের এখনো চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত দেড় বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০০ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















