ছয় দফা দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে পলিটেকনিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমান রাজধানীর আগারগাঁওয়ে জেলাভিত্তিক সমাবেশ থেকে এ ঘোষণা দেন।আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বেলা ১২টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
মিজানুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের তরফ থেকে দাবি মেনে নেওয়ার কোনো ঘোষণা না দিলে সারাদেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় তাদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।
ঢাকা,রোববার ২০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















