জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও ড. ইফতেখারুজ্জামান। এনসিপির পক্ষ থেকে থেকে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসেল।
বৈঠকের আগে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী এবং গণ আকাঙ্খার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে সংস্কার ও ঐকমত্য নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।
আলোচনার সূচনা বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যেই রাষ্ট্রের ক্ষমতায় যাক, তার স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রতি জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট ৮ জন অংশ নেন।
ঢাকা,শনিবার ১৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















