নির্বাচনকে সামনে রেখে মেট্রোরেল যাতে নাশকতাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে না পারে সেজন্য নিয়মিত টহল শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই কার্যক্রমে প্রতিটি স্টেশনে টহল জোরদার ছাড়াও বাহিনীর ‘ডগ স্কোয়াড’ সদস্যরাও থাকছে যাত্রী ও রেলের নিরাপত্তায়।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের মতিঝিল স্টেশনে বিশেষ এই নিরাপত্তা কার্যক্রম শুরু করে র্যাব। মেট্রোরেলের বগিতেও তল্লাশি চালান র্যাব সদস্যরা।র্যাব জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র্যাব। মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সবসময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৎপর থেকে ও বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম চালায় র্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এ স্থাপনার নিরাপত্তার জন্য র্যাব সদা তৎপর এবং পুলিশের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মেট্রোরেলের স্টেশনগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকেন। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য সংগ্রহের মাধ্যমে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়।
ঢাকা,বুহস্পতিবার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















