গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে তারা জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই গণজামায়াত শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে ছোট-বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়র্দী উদ্যানে জড়ো হচ্ছেন।
আগতদের সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সমাবেশ স্থলে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প এবং তথ্য কেন্দ্র। দুপুরে জোহরের নামাজের পর পরই দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের শীর্ষ নেতারা মঞ্চে থাকবেন।
ইতোমধ্যে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেবেন।
এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি, খেলাফতে মজলিসসহ বিভিন্ন সংগঠন সমাবেশে অংশ নেবেন।
ঢাকা,শনিবার ১২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















