আবার স্বর্ণের দাম ভরি প্রতি ২ হাজার ৪০৩ টাকা বাড়ল।সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। সে হিসেবে নতুন করে দাম বাড়ানোর ফলে স্বর্ণের দাম নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার (১১ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















