রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভি রিহ-তে ৯ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই হামলাটি ছিল এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি।শুক্রবার এই হামলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজের শহরে। ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র আঘাতে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ধরে গেছে, অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে, আর রাস্তার পাশে— একটি খেলার মাঠের ধারে শিশু ও সাধারণ মানুষের রক্তাক্ত দেহগুলো পড়ে আছে।
দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে এবং সেই সংখ্যা দ্রুত বাড়ছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে একটি তিন মাস বয়সী শিশুও রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ০৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















