শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে।
অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম (শাসনামল) দায়ী। একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে সামনের দিকে যেতে হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ফিরে রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকেল ৪টা ৫৮ মিনিটে দেশে ফেরেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
ঢাকা,রোববার ০৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















