বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রতিশ্রুতি সাত দিনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামবেন তারা। সেই সঙ্গে সব ধরনের আন্দোলন স্থগিত করেছেন তারা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এসময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীদের আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়।এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান বলেন, ‘সাত দিনের মধ্যে ধীরে ধীরে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি-দাওয়া আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’
শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে। তবে অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নয় বলে এসময় শিক্ষার্থীদের জানান।
ঢাকা,সোমবার ০৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















