আবার দাম বাড়ানো হলো স্বর্ণের। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা। এর আগে কখনো স্বর্ণের এত দাম হয়নি। এতদিন ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। গত বছরের ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ দামে স্বর্ণ বিক্রি হয়। ভালো মানের স্বর্ণের রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য স্বর্ণের দামও।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭১৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,শনিবার ০১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















