দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামকব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।তিনি জানান, মৃতের নাম সানজিদা আক্তার ( ৩০)। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। গত ১২ জানুয়ারি সানজিদা এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে।
তিনি জানান, ওই নারী বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান। তবে তিনি যে শুধু এইচএমপি ভাইরাসের জন্যই মারা গেছেন, এটা বলা যাচ্ছে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
আইইডিসিআর সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের একটা রিপোর্ট পাওয়া গেছে। তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।
এইচএমপিভি শনাক্ত হওয়া কারো মৃত্যুর ঘটনা দেশে এটিই প্রথম।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















