বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)-সহ তিনজনকে জামিন দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত। ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তারা জামিন পান।পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। তবে শর্ত দেয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।
আদালতের আদেশ অনুসারে, অভিযুক্ত তিনজনকে ১০ লাখ রুপির বন্ড জমা দিতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে ৫ লাখ রুপির লোকাল বন্ড (আদালত চত্বরের পরিচিত কেউ); সব মিলিয়ে ১৫ লাখ রুপি বন্ড জমা দিতে বলা হয়েছে প্রত্যেককে। একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এমনকি রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না।
এর আগে বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্যে আদালতে ওঠে। পি কে হালদারের জামিনের পক্ষে জোরালো বক্তব্য দেন আইনজীবী মিলন মুখার্জি।
তিনি বলেন, আড়াই বছর হয়ে গেছে। ভারতীয় আইন অনুযায়ী, মানিলন্ডারিং মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের সাত বছর জেল হতে পারে। কিন্তু তার আগে আড়াই বছর জেল হেফাজতে থাকলে তাকে জামিন দেওয়ায় কোনো সমস্যা থাকতে পারে না। তাহলে এখানে সমস্যা কোথায়?
এর বিরোধিতা করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। দুই পক্ষের শুনানির পর বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কোর্ট মুলতবি করে দেন।
এরপর শুক্রবার বিচারক তাদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















