চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় চন্দন দাস (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যা মামলার প্রধান আসামি।
বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
গ্রেপ্তার চন্দন দাস বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়ে এডিসি কাজী মো. তারেক আজিজ বলেন, রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করা অবস্থায় চন্দনকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার সন্ধ্যা রাড়ে ৭টার দিকে ভৈরব রেলস্টেশনে পৌঁছান। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে।
গত ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ১৫ জনকে আসামি করে মামলা হয়। মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দীন। গত ২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত ৯ আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছিলেন।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















