ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গনে যৌথবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
সরেজমিনে দেখা যায়, কলেজের সামনে বেশকিছু সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অবস্থান করছেন। কলেজের মূল ফটকের সামনে একটি এপিসিও রয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। সোমবারের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, সোমবার সকাল ১০টার দিকে লাঠিসোঁটা হাতে সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে আসেন। দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা সড়ক সংলগ্ন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। তখন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ওই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই যাত্রাবাড়ী-ডেমরা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
ঢাকা,মঙ্গলবার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















