ঢাকা শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি মহাখালী এলাকার রেললাইন অবরোধ করে ব্যাটারিচালিত অটো-রিকশাচালকরা অবস্থান নিয়েছেন। এ সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন ব্যাটারিচালিত অটো-রিকশাচালকদের রেললাইন অবরোধ করে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একটি সূত্র জানায়, অবস্থানরত ব্যাটারিচালিত অটো-রিকশাচালকরা মহাখালী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে।
এদিকে রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে আন্দোলনরত চালকদের ছত্রভঙ্গ করে দেয়।দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের ফায়ার সার্ভিস সংলগ্ন পশ্চিম পাশে সড়কে একটি মিছিল নিয়ে আসেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। সেই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দিতে দেখা যায়। এরপরে মিরপুর ২ নম্বর সুইমিং কমপ্লেক্সের সামনে কিছু সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অবস্থান করতে দেখা যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
সকাল ৯টা থেকেই মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশাচালকরা।
ঢাকার মালিবাগেও বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। আশেপাশের এলাকায়ও চরম বিপর্যয় দেখা দেয়। মৌচাক-মগবাজার সড়কে সৃষ্টি হয় যানজট। একপর্যায়ে পুলিশ এসে আশ্বাস দিলে রাস্তা ছেড়ে যায় অবরোধকারীরা।
ঢাকা,বৃহস্পতিবার ২১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















