রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ।
শোভাযাত্রা অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা যায়। শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে দেখা যায়। আবার অনেককে নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে দেখা যায়।
তবে শোভাযাত্রায় সবার নজর কাড়ে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এ খাঁচা ঘিরে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের ভিড়।
শোভাযাত্রা মৎস্য ভবনের সামনে এলে খাঁচাটি দেখা যায়। চোখে সানগ্লাস, মাথায় শিং ও মুখে প্রতীকী রক্ত, দানবের মতো বড় দাঁতসহ এক নারীকে শেখ হাসিনার সাজে দেখা যায়।
ওই খাঁচার বাইরে লেখা ছিল, ‘আমি ভারতের মোদীর সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’, ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’, ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’, ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’ ইত্যাদি।
খাঁচার সঙ্গে অনেকে সেলফি তোলেন। অনেকে নেতাকর্মী আবার এ দৃশ্যের ভিডিও ধারণ করেন। পাশ থেকে নেতাকর্মীদের অনেকে বলছিলেন, ‘হাসিনা ধরা খাইছে’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি।
এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন। তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না।
তিনি বলেন, রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার মিছিল। দেশের পক্ষের শক্তিকে ৭ নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল আজ।
তিনি আরও বলেন, লাখো জনতার আজকের এ মিছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র-জনতা এবং হাজারো শহীদের স্বপ্নের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ী মিছিল।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি জেনে রাখুক, রাজধানীর রাজপথে আজ কারো বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয় বরং বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল। নিজের ভোট প্রয়োগের অধিকার আদায়ের মিছিল।
তিনি বলেন, বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, সেজন্য প্রত্যেক নাগরিকের সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সক্ষমতা অর্জন জরুরি। স্থানীয় সরকার থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচিত হতে ইচ্ছুক জনপ্রতিনিধিদের যতক্ষণ জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষী না করা যায়, ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করে যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আনা যায়, ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না। গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই। দেশে-বিদেশে, প্রশাসনে তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টন থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শোভাযাত্রা শুরু হয়।
পরে রাজধানীর বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা,শুক্রবার ০৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















