সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে মানবাধিকারবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ সরকার কাজ করতে চায় না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে। যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।
সরকারের পক্ষ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, তাও আমাদের জানাতে বলেছি।
ঢাকা,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















