রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।
দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সাত তলায় থাকেন তুষার। আর ছয় তলায় থাকেন জামাল। আর জামিল থাকেন জুরাইন বাগানবাড়ি এলাকায়।
তিনি জানান, গতরাতে সাত তলায় তুষারের বাসায় গিয়েছিলেন জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিলেন। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদেরকে দেখতে পান দিপু। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে এবং তারা দগ্ধ হয়েছেন।বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা,মঙ্গলবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















