রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনে সোমবার (২৮ অক্টোবর) আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সোহেল রানার পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।
এর আগে ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা,সোমবার ২৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















