প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান, হাজিরা বৃদ্ধি, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার প্রগতি স্মরণী সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন ইউরোজন ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এতে কুড়িল বিশ্বরোড এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ভোগান্তিতে পড়তে হয় ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সদস্যদের হস্তক্ষেপে মালিকপক্ষের আশ্বাসে পৌনে ২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।
ঘটনাস্থল গিয়ে দেখা যায়, প্রগতি সরণির কুড়িল অংশে প্রথমে অবরোধ করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের কিছু অংশ বিমানবন্দর-বনানী সড়কও অবরোধ করেন। এতে এই দুই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।এদিকে দুপুর পৌনে ২টায় পুলিশের হস্তক্ষেপে গার্মেন্টসটির মালিক পক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক) এসআই সিদ্দিক বলেন, শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে তারা অবরোধ তুলে নিয়েছে। আমরা এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
ঢাকা,বৃহস্পতিবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















