নাশকতা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৯। সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহ ছেলে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
সজিবুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
সাংবাদিকদের তিনি জানান, গ্রেপ্তার সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।
সিলেট,বুধবার ২৫ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















