সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন, আমরা দুজনই (আমি ও সালমান এফ রহমান) কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায়বিচার চাই।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে তিনি ন্যায়বিচার চান।
আজ সকাল ৭টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ৫ দিন এবং আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
ঢাকা,বৃহস্পতিবার ২৯ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















