বেআইনিভাবে সড়ক অবরোধ করে পুলিশের কাজে বাধাদান ও নাশকতাসহ কয়েকটি অভিযোগে রাজধানীর ৩ থানায় করা মামলায় ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।এর আগে সোমবার (২৬ আগস্ট) শাহবাগ, পল্টন ও রমনা থানায় অজ্ঞাতসহ প্রায় সাড়ে ৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করে পুলিশ। গ্রেফরতার আনসার সদস্যদের রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। এসব মামলায় এরমধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পল্টন থানায় উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে রোববার (২৫ আগস্ট) প্রায় ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
এরপর রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিভিন্ন পথ দিয়ে পালিয়ে যান আন্দোলনরত আনসার সদস্যরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রোববার রাত ১১টা পর্যন্ত অন্তত ৪০ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা,সোমবার ২৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















