সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।রাজধানীর সাইন্সল্যাবে হকার শাহজাহান হত্যা মামলায় এ রিমান্ড দেওয়া হয় আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতাকে।এর আগে বিকেলে তাদের আদালতে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। তার আগে গতকাল মঙ্গলবার সদরঘাট এলাকা থেকে সাবেক সরকারের দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা ডিবি হেফাজতে ছিলেন।
বিকেলে সালমান ও আনিসুলকে আদালতে আনা হলে সেখানে তাদের বহন করা প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তাদের দুজনসহ পতিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।
জানা গেছে, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে দুজনকে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতের পথে গাড়িতে তোলা হয়। তাদের প্রিজন ভ্যানের নিরাপত্তায় আরও নয়টি গাড়ি ছিল। এর মধ্যে তিনটি সাদা মাইক্রোবাস, একটি প্রিজন ভ্যান ও ছয়টি পুলিশ ভ্যান। প্রিজন ভ্যানের আগে-পিছে পুলিশের গাড়িগুলো নিরাপত্তায় ছিল।অপরদিকে, বুধবার বিকেল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়ন করা হয়।
ঢাকা,বুধবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















