ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সেদিনই আকাশপথে ভারতে চলে যান শেখ হাসিনা।
আর তার সরকারের অনেক মন্ত্রী-এমপি ও দল আওয়ামী লীগের নেতারা আছেন আত্মগোপনে। কেউ কেউ অবশ্য আগেই দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
ঢাকা,মঙ্গলবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















