কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা মোহাম্মদপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
একই দিন সকালে আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশের জন্য রাখেন।
মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তারা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে মারা যান আবু সায়েদ।
ঢাকা,মঙ্গলবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















