দীর্ঘ ৯ বছর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
দীর্ঘ নয় বছর ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর আজ দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।
সালাউদ্দিন আহমদ তখন মেঘালয় পুলিশকে বলেন, গোয়েন্দা পরিচয় দিয়ে কিছু লোক তাকে ঢাকার উত্তরার বাড়ি থেকে তুলে নিয়েছিল। তিনি বলেছিলেন, ‘প্রায় রাতভর গাড়িতে যাওয়ার পর একটি এসইউভিতে করে তাকে শিলং নিয়ে যাওয়া হয়।’ তবে কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিলে তা বলতে পারেননি তিনি।
ওই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে খালাস পান সালাহউদ্দিন আহমদ। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন আহমদ এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন আহমদ তখন দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন। এরপর গত বছরের ৮ জুন প্রথম দফায় ট্রাভেল পাস পান। তবে আইনি জটিলতার কারণে সেবার তিনি দেশে ফিরতে পারেননি।
শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত মঙ্গলবার পুনরায় ট্রাভেল পাস পান সালাহউদ্দিন আহমদ। ভারতের গোয়াহাটিস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন আহমেদের ট্রাভেল পাস ইস্যু করেন।
ঢাকা,রোববার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















