ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।কয়েক সপ্তাহের কোটা সংস্কার আন্দোলন এবং এরপর গণবিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান।
গত কয়েকদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার শনিবার (১০ আগস্ট) দলের নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশি শক্তির হাত’ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়ার কয়েকদিনের মধ্যে ক্ষমতাচ্যুতির জন্য বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম।’শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন সজীব ওয়াজেদ।
ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি… আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তবে শেখ হাসিনা নিজেই জানালেন তিনি পদত্যাগ করেছেন। সমর্থক ও দলের নেতাদের উদ্দেশে দেওয়া বার্তায় হাসিনা পদত্যাগ করার কথা স্বীকার করেন।
সাবেক এ প্রধানমন্ত্রী পরাজয় মেনে নিয়ে দেশে ফেরার অঙ্গীকার করেন।
হাসিনা বলেন, আমি শিগগিরই ফিরব, ইনশাল্লাহ। এ পরাজয় আমার, তবে জয় বাংলাদেশের মানুষের। তিনি বলেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনারা সহযোগিতা করেছিলেন বলে আমি ছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা আমাকে আর চাননি। তাই আমি সরে এসেছি, পদত্যাগ করেছি। আমার যারা কর্মী আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী তার কথা বিকৃত করার অভিযোগও তুলেছেন। বার্তায় তিনি বলেন, আমি তরুণ শিক্ষার্থীদের আবারো বলতে চাই, আমি তোমাদের রাজাকার বলিনি… আমার কথা বিকৃত করা হয়েছে। তোমাদের বিপদের সুযোগ নিয়েছে একটি মহল।
ঢাকা,রোববার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















