দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী রোববারের (২৬ নভেম্বর) মধ্যে ৩০০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এখন পর্যন্ত চারটি বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলেও জারিয়েছেন তিনি।শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান৷
দ্বিতীয় দিনের মতো শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়৷ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রথম সভা করে এ বোর্ড ৷ প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের জন্য নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয় ৷
দ্বিতীয় দিনের সভা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ পর্যন্ত চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত হয়েছে৷ আগামীকাল সম্ভব না হলে পরশু রোববার দলীয়ভাবে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, আজকের সভাতেও কিছু পুরোনা বাদ গেছেন, নতুনও মনোনয়ন পেয়েছেন।
তবে কৌশলগত কারণে কোন কোন বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে তা আর প্রকাশ করা হচ্ছে না। এক সঙ্গে ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দুটো দিন অপেক্ষা করুন।
ঢাকা,শুক্রবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















