বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার মধ্যে বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বেলা সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ আল্টিমেটাম দেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল (বুধবার) কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
এর আগে ভোররাতে ফেসবুকে দেওয়া ভিডিওবার্তায় সরকার গঠনের রূপরেখার দেন সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
ঢাকা,মঙ্গলবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















