আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি (লাইভ রাউন্ড) না চালাতে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ।
রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ এ আদেশ দেন।
আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে। পুলিশকেও আইনের নির্দেশনা মানতে হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন, জেড আই খান পান্না ও অনীক আর হক।
রিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছিল। তবে গত বৃহস্পতিবার (১ আগস্ট) গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা ওই ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে ২৯ জুলাই সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ রিট করেন। তারা হলেন মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।
ঢাকা,রোববার ০৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















