নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই সারা দেশে ওসিরা কাজ করছে।সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা-১২ নাগরিক কমিটি আয়োজিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। যখনই নির্বাচন আসে, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন মনে করেছে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন যাবৎ ওসি হিসেবে আছেন, তারা হয়ত কারও প্রতি অনুগত হতে পারে।তিনি বলেন, ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়। এজন্যই তারা সারা দেশে ওসিদের ট্রান্সফার করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই ওসিরা কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। নাশকতাকারীদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। এ সময় নাশকতাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক মোহাম্মদ আলমগীর, আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, জায়েদ খান, প্রার্থনা ফারদিন দিঘী, মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।
ঢাকা,রোববার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















