ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার (২৮ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি ও সার্বিক প্রস্তুতি নিয়ে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি।তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের আসন বিক্রি ৩ জুন, ১৪ জুনের আসন বিক্রি ৪ জুন, ১৫ জুনের আসন বিক্রি ৫ জুন ও ১৬ জুনের আসন বিক্রি ৬ জুন। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ফিরতি টিকিট দেয়া হবে ১০ জুন থেকে। ১০ জুন দেয়া হবে ২০ জুনের টিকিট, ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন ২৪ জুনের টিকিট দেয়া হবে।
জিল্লুল হাকিম জানান, এবার পশু পরিবহনে পশ্চিমাঞ্চলে ১২-১৪ জুন পর্যন্ত চলবে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল এক্সপ্রেস’। আর পূর্বাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ ও ১৩ জুন।
এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে পাঁচদিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় সাতদিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।
ঢাকা,মঙ্গলবার ২৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















