ঘূর্ণিঝড় রেমালে লন্ডভন্ড হয়ে গেছে খুলনার উপকূল। এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে কয়রা উপকূলে বেড়িবাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া দাকোপ উপজেলায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। উপজেলার শিবসা ও ঢাকী নদীর বাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রাম ছাড়াও ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকা তলিয়ে গেছে।রোববার (২৬ মে) দিবাগত রাতের এ ঘটনায় ভেসে গেছে চিংড়ির ঘের, ভেঙে গেছে কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, উপড়ে গেছে বহু গাছ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকা।
এছাড়া, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনা মহানগরীর নিম্নাঞ্চল। ঝড়ে নগরীর বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। সড়কের দুপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
খুলনা,সোমবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















