কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন।তবে তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভোরে পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
তিনি বলেন, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২টি মরদেহ রাখা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কুমিল্লা,রোববার ২২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















