অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন।আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে পালন করছিলেন।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলন করে তাদের পদত্যাগের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
তিনি আরও জানান, পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। প্রধান উপদেষ্টা তাদের বলেন, ‘আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ জাতি কখনো ভুলবে না।’
ঢাকা,বুধবার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















