রাজধানীসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকা।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবার রাজধানীর ভেতরে চলে এলো ভূকম্পনের উৎপত্তিস্থল। বাড্ডায় উৎপন্ন হওয়া ভূকম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এ ভূকম্পনটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, বাড্ডায় উৎপন্ন হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এটিও মৃদু মানের ভূকম্পন।
এর আগে সকালে ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩ দশমিক ৭ মাত্রা ভূকম্পন হয়। আগের দিন একশ বছরের মধ্যে ঢাকার মধ্যে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (আবহাওয়াবিদ) ফারজানা সুলতানা জানান, একটি বড় ভূমিকম্পের পর ছোট ছোট ভূমিকম্প হয়। আবার ছোট ছোট ভূমিকম্পের পরে বড় ভূমিকম্প হয়।




















