রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লক এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ৮টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা গুলি তাকে করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওই দোকানে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত তার মাথা, বুকে ও পিঠে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ঢাকা,সোমবার ১৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















