দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। এ সময় দীর্ঘদিনের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।এসময় সম্মেলন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ সম্মেলন।
এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
সাত বছর আট মাস পর দলীয় সম্মেলন হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির। এ সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীরা। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।
ঢাকা,সোমবার ০৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















