চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ‘যেহেতু ৩১ আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয় পাশে সকাল সাড়ে ১১টায় স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখি হয়ে আক্রমণাত্মক অবস্থায় সংঘর্ষে লিপ্ত হয় এবংবর্তমানে পক্ষসমূহ এখনও উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। সেহেতু আমার কাছে অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার স্বার্থে নিম্নরূপ আদেশ দিয়েছি।
‘
আদেশে আরও বলা হয়, ‘৩১ আগস্ট দুপুর ০২টা থেকে আগামীকাল ০১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে উল্লিখিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশীয় অস্ত্র বহন এবং ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
চট্টগ্রাম,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















