সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল শনিবার (২৩ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশনে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় পাক উপপ্রধান মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে ভবিষ্যতে দ্বি-পক্ষীয় উন্নয়ন-অগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাকা,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















