রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে।সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করার জন্য আসলে বিষয়টি তার নজরে আসে।নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে রমনা থানায় খবর দেয়া হয়।
এদিকে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।এছাড়া তাদের মৃত্যু হয়েছে কীভাবে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা,সোমবার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















