স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে। অন্যায়ের ভিডিও না করে মোবাইল ছুঁড়ে মারলেও একটা প্রতিরোধ অন্তত হয়।
রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা বলেন তিনি।তিনি বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বেশিরভাগ কে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। কিন্তু যে জীবনটা চলে গেল, সেই ক্ষতিপূরণ তো আর হবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যদি একটু ধৈর্যশীল হই তাহলে এগুলো একটু কমে। এ ঘটনায় অপরাধীরা যেন ভালোভাবে শাস্তি পায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি খুবই দুঃখজনক। এমন ঘটনা কিন্তু জনগণেরও প্রতিহত করার কথা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই যে শেরপুরের ঘটনায় যে ভিডিও করছে, তার নানিকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু সে দাঁড়িয়ে ভিডিও করছে আয় করার জন্য। আমাদের সমাজের কত বড় অবক্ষয় এটা। ইউটিউবের জন্য সে ভিডিও করেই যাচ্ছে। তার নাতিটা যদি চিল্লাইতো, তাহলেও তো কেউ সাহায্য করতো।
অভিযানে উদ্ধার অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এগুলো দেশি অস্ত্র। এই অস্ত্রগুলো যারা বানাচ্ছে, তাদের একটু কেয়ারফুল হতে হবে। যারা বানাচ্ছে, আমরা কিন্তু তাদেরও নিয়ে আসছি। যারা এসব অস্ত্র বানায়, তারা কিন্তু জানে এগুলো করা ব্যবহার করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি।
ঢাকা,রোববার ১০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















