গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৩ আগস্ট) সকালে মারুফা আক্তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট।
গতরাতে উপজেলার ইদ্রবপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক স্বামী মিজানুর রহমান।
অভিযুক্ত স্বামী মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।
নিহতের স্বজনরা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত মিজানুর রহমানের বাড়ির আশপাশের মানুষ আগুন আগুন করে চিৎকার দেয়। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসার মূল ফটক তালাবদ্ধ দেখতে পান তারা। এর পর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে পোশাক শ্রমিক মারুফা আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মারুফা আক্তারকে হত্যা করেছে তার স্বামী। পরে লাশ ঘরের ভেতরে রেখে ওই ঘরে আগুন ধরিয়ে দেয় নিহতের স্বামী মিজানুর রহমান। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
গাজীপুর,রোববার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















