জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেয়া ১১৪ মরদেহ তোলা হবে নিহতদের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন।শনিবার (২ আগস্ট) রায়েরবাজারে গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে মোট ১১৪টি কবর রয়েছে। এদের অনেককেই এখনও শনাক্ত করা যায়নি। আগে স্বজনেরা কবর খননে রাজি ছিলেন না, এখন তারা সম্মতি দিচ্ছেন। সবাই রাজি হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, কেউ চাইলে শনাক্ত হওয়া মরদেহ গ্রামে নিয়ে যেতে পারবেন।
ডিএনএ পরীক্ষার পাশাপাশি পোস্টমর্টেমও হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যেহেতু ডিএনএ করা হবে, সেহেতু পোস্টমর্টেমও হয়ে যাবে। এটি একটি কমিটির মাধ্যমে সম্পন্ন হবে।
এ সময় শহীদদের কবরের ইটগুলো ভালো নয় বলে তিনি অভিযোগ করেন। যারা এ কাজে সম্পৃক্ত, তাদের প্রতি ক্ষোভও প্রদর্শন করেন উপদেষ্টা।
ঢাকা,শনিবার ০২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















