পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার পৃথক দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন
পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার পৃথক দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তেঁতুলিয়া ভজনপুর থেকে ৭ জন ও সদরের ঘাগড়া এলাকা থেকে ১০ জনকে আটক করে বিজিবি।বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।
বিজিবি জানায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে তেঁতুলিয়ার সুকানি বিওপি সীমান্ত দিয়ে বিএসএফ সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ ইন করে। পরে তারা ভজনপুর এলাকায় আশ্রয় নিলে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে। একইভাবে পঞ্চগড় সদরের হারিভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ১০ জনকে পুশ ইন করা হয়, তাদেরও পরে বিজিবি হেফাজতে নেয়।
আটকরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পরে তাদের বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী কমান্ডার (২আইসি) মেজর কাজী আসিফ আহমদজানান, আটকদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিতকরণসহ পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পঞ্চগড়,বৃহস্পতিবার ৩১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















