জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচলয়। অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি।
জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের দাবি না মানা পর্যন্ত চলবে। আমরা রাষ্ট্রের সাথে বার বার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বার বার আমাদের সাথে তালবাহানা করেছে। এখন আমাদের কোন প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সব প্রতিশ্রুতির বাইরে যেয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নইলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















