জাতীয় ঐকমত্য কমিশন চলমান সংলাপ দ্রুত শেষ করে আগামী জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্যে সংলাপের কার্যক্রম আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ’ শীর্ষক একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা আগামী সোমবারের (২৮ জুলাই) মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। খসড়াটিতে জাতীয় সনদের একটি প্রাথমিক পটভূমি উপস্থাপন থাকবে এবং সব দলের মতামত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই হবে চূড়ান্ত রূপ।
আলোচনা এগিয়ে নিতে আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি। আজকের বৈঠকে আলোচ্য বিষয়- রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার প্রসারণের প্রস্তাব ও একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা।
ঢাকা,রোববার ২৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















